সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে দুই দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দারুণ ভোগান্তির শিকার হচ্ছে বিপুলসংখ্যক যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সদরের কলাকোপা হাড়ভাঙ্গা সেতুর সামনে একটি পরিবহন সংস্থার যাত্রীবাহী বাস ও এক মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মো. জিন্নাহ (৪৬) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত ও তাঁর সঙ্গে থাকা অপর একজন গুরুতর আহত হন। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় উত্তেজিত লোকজন একটি বাসে ভাঙচুর চালায়। এর পর থেকেই নবাবগঞ্জের বান্দুরা ও দোহারের মৈনটঘাট থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাসের চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এ ব্যাপারে দ্রুতি পরিবহন সংস্থার সভাপতি শেখ জালাল উদ্দিন জানান, নতুন করে গাড়ি ভাঙচুরের আশঙ্কায় ওই পথে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, নিরাপত্তা রক্ষায় সড়কে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। তার পরও বাস মালিক সমিতি গাড়ি চলাচল বন্ধ রেখেছে। তবে শিগগিরই এই চলাচল শুরু হবে।