ঢাকা বারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আ.লীগ-সমর্থিতরা
ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদে জয়ী হয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। বিএনপি-সমর্থিত নীল প্যানেলে প্রার্থীরা ছয়টি পদে জয়ী হয়েছেন।
নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের প্রার্থী মো. সাইদুর রহমান মানিক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মো. আয়ুবুর রহমান।
আজ শনিবার সকালে এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী আইনজীবী মো. শাহআলম খান নির্বাচনের ওই ফল ঘোষণা করেন।
সাদা প্যানেল থেকে সিনিয়র সহসভপাতি পদে আবু বারেক ফরহাদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহসাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার, দপ্তর সম্পাদক পদে আব্দুল হাই মামুন এবং ক্রীড়া সম্পাদক পদে মো. বাহারুল আলম জয়ী হয়েছেন।
নীল প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে আফরোজা বেগম শেলী, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সম্পাদকীয় পদের ১২ টির মধ্যে নয়টিতে এবং কার্যকরী সদস্যের ১৫টি পদের মধ্যে ১২ টিতে জয়ী হয়। অপরদিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল সম্পাদকীয় পদে কোষাধ্যক্ষসহ তিনটি ও কার্যকরী সদস্যের তিনটি পদে জয়ী হয়।
এর আগে গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুই দিন ভোট নেওয়া হয়। এবারের নির্বাচনে ২৭টি পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৫ হাজার ৫০ ভোটারের মধ্যে আট হাজার ১৩৪ জন ভোট দিয়েছেন।