ঢাকা বিভক্তির গেজেট প্রেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে জাতীয় সংসদে পাস হওয়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১১-এর গেজেট ছাপানোর জন্য সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেছে।রাষ্ট্রপতির অনুমোদন শেষে গতকাল বৃহস্পতিবার বিজি প্রেসে এই গেজেট ছাপানোর জন্য পাঠানো হয়।বিজি প্রেসের সংশ্লিষ্ট শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে উপজেলা পরিষদ সংশোধিত আইনের গেজেটও ছাপানো হচ্ছে বলে জানান তিনি।স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রমতে, গেজেট হাতে পেলে তারা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করবে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, বিভক্ত দুই ঢাকার জন্য দুজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করা হচ্ছে। নতুন আইনে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ‘উপযুক্ত’ ব্যক্তিদের প্রশাসক করার বিধান আছে। তবে সরকার আমলাদের মধ্য থেকেই প্রশাসক নিয়োগ করছে।গত মঙ্গলবার জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। এর মাধ্যমে ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত হয় এবং ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ নামে দুই ভাগে বিভক্ত হয়ে যায়।