ঢাকা বিভাগের প্রশাসনিক কর্মকাণ্ড ভাগ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৭টি জেলা নিয়ে গঠিত বিশাল ঢাকা বিভাগের প্রশাসনিক কর্মকাণ্ড ছোট ছোট ভাগে বিভক্ত করে দেওয়া হবে। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা-সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিভাগের আয়তন বিশাল। এতগুলো জেলার মধ্যে সমন্বয় সাধন করে নাগরিকদের প্রয়োজনীয় সেবা দেওয়া অত্যন্ত কঠিন। তিনি বলেন, ‘সেবাটা নিশ্চিত করতে আমরা প্রশাসনিক কর্মকাণ্ডকে ছোট ছোট করে ভাগ করে দেব, যাতে সেবাটা মানুষের কাছে পৌঁছাতে পারে।’ শেখ হাসিনা এ সময় তৃণমূলে সেবা পৌঁছাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, ‘কোনো একটা কিছু হলেই ঢাকায় ছুটে আসতে হবে। এভাবে তো মানুষের সেবা নিশ্চিত করা যায় না।’
ইতিমধ্যে ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়েছে। ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল এ বিভাগের অংশ ছিল।
শুধু তাৎক্ষণিক বিষয়ে চিন্তা করার মানসিকতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিন্তাটাকে স্বচ্ছ ও সুদূরপ্রসারী করতে হবে। ভবিষ্যতে নগর সম্প্রসারণে নাগরিক সুযোগ-সুবিধা বজায় রাখা ও যানজটের বিষয়টি পরিকল্পনায় আনতে হবে। এ সময় তিনি একটি আধুনিক ও পরিকল্পিত ময়মনসিংহ শহর গড়ে তোলার নির্দেশনা দেন। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান ও জলাধার নির্মাণের বিষয়টি মাথায় রেখে স্থাপনা নির্মাণ করতে হবে। প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলগুলোতেও জলাধার নির্মাণের নির্দেশ দেন।
বৃষ্টির পানিকে সম্পদ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বছরে সাত-আট মাস প্রচুর বৃষ্টিপাত হয়। যেখানেই কোনো আবাসিক এলাকা করা হবে, সেখানে জলাধার তৈরি করতে হবে।’ তিনি বলেন, রাজধানীর সব খাল দখল হয়ে যাওয়ায় আজ নগরবাসীর নানা দুর্ভোগ হচ্ছে।
আধুনিক স্থাপনা নির্মাণ এবং নগর উন্নয়ন শহরের বাইরেই করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ও করা হয়েছিল ঢাকার বাইরে। একসময়ের গ্রামে গড়ে তোলা হয়েছিল মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল। অথচ এখন সেখান থেকেও অত্যাধুনিক শহর আরও সামনে এগিয়ে গেছে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ওঠার সময়কার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন ধানমন্ডির বাড়িতে আসি, তখন আশপাশে ধানখেত দেখতে পাওয়া যেত। কেউ আসলে বলত ঢাকা থেকে এসেছি বা ঢাকায় যাচ্ছি। সে সময় ধানমন্ডিও ঢাকা বলে গণ্য হতো না। এখন তো ঢাকা প্রায় টাঙ্গাইল পর্যন্ত চলে গেছে। অচিরেই ময়মনসিংহ পর্যন্ত যাবে।’
অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, ধর্মমন্ত্রী মতিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বৈঠকটি সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।