ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে আজ বৃহস্পতিবার ৩৪তম বিসিএসের আন্দোলনরত শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ছবি : মনিরুল আলম।
রাজধানীর শাহবাগে আজ বৃহস্পতিবার ৩৪তম বিসিএসের আন্দোলনরত শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ছবি : মনিরুল আলম।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের সঙ্গে বিসিএস পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। বেলা সোয়া একটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে আটজনকে আটক করেছে পুলিশ। বেলা দুইটার দিকে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে।

সংঘর্ষে ২৮ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু যানবাহন। সংঘর্ষের সময় বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সব পথ।

চাকরিতে বিদ্যমান সব ধরনের কোটা ও ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিল করে তা পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন করছেন বিসিএসের পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। শাহবাগে প্রতিবাদ-বিক্ষোভের মুখে গতকাল বুধবার বিকেলে সদ্যপ্রকাশিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

ঘটনার সূত্রপাত যেভাবে

বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী দেড় শতাধিক বিসিএস পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে এগোতে থাকেন। চারুকলার সামনে মিছিলটি পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন এবং গণমাধ্যমের গাড়ি ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশও কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে চলতে থাকে দফায় দফায় সংঘর্ষ।

এরপর ক্ষুব্ধ পরীক্ষার্থীরা চারুকলা অনুষদের ভেতরে থাকা শোভাযাত্রায় ব্যবহূত ‘মোটিফ’ টেনে রাস্তায় নিয়ে আসেন। তাঁরা চারুকলার সামনের রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ করেন। পুলিশের ধাওয়ার মুখে তখন বেশ কয়েকজন শিক্ষার্থী জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে আশ্রয় নেন। সেখান থেকেই তাঁরা প্রশাসন ও পিএসসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

পুলিশের উপর্যুপরি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পুলিশ এপিসি দিয়ে শিক্ষার্থীদের ওপর উপর্যুপরি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এভাবে দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। শিক্ষার্থীরা কাঁদানে গ্যাস থেকে রক্ষা পেতে রাস্তায় কাগজ জড়ো করে আগুন দেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা পিছু হটেন। তাঁরা এ সময় রাস্তার পাশে থেমে থাকা দুটি গাড়ি ভাঙচুর করেন।

উপাচার্য ভবনে হামলা

শাহবাগ থেকে তাড়া খেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি মিছিল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে নীলক্ষেতের দিকে এগিয়ে যায়। নীলক্ষেত এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে পরীক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ এ এফ রহমান হলের ভেতর ঢুকে যায়। পুলিশ হলের মধ্যে কাঁদানে গ্যাস ছোড়ে। আন্দোলনকারীরা হলের ভেতর থেকেই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা কেন, জবাব চাই’  বলে স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশ সরে গেলে আবার সংগঠিত হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে হামলা চালান। এ সময় তাঁরা রাস্তায় দুটি ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করেন। তাঁরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ও বাড়ির বেশ কিছু ফুলের টব ভাঙচুর করেন।

উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ: এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয় অবরোধ করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।এ ছাড়া প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে অসংখ্য পরীক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পরে পুলিশ ও ছাত্রলীগের হামলায় তাঁরা ওই এলাকায় ত্যাগ করেন।

ছাত্রলীগের হামলা, মিছিল

পুলিশ যখন বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলন থামাতে ব্যর্থ হয়, তখন তাদের সঙ্গে মাঠে নামে ছাত্রলীগ। ছাত্রী হলগুলো ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ছাত্রলীগের কয়েক শ কর্মী লাঠিসোঁটা নিয়ে প্রথমে উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের পিটিয়ে বের করে দেন। এরপর উপাচার্যের বাসভবনে অবস্থানরত শিক্ষার্থীদেরও শিবির সন্দেহ করে পিটিয়ে বের করে দেন তাঁরা। গতকাল কোটাবিরোধী আন্দোলনের মূল প্রবন্ধ পাঠকারী মো. শাহীনকেও বেধড়ক পেটান ছাত্রলীগের কর্মীরা। কয়েক দফায় এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এ সময় পুলিশ আটজনকে আটক করে নিয়ে যায়। তাঁদের শাহবাগ থানায় রাখা হয়েছে।

এদিকে কোটা রাখার পক্ষে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলটি টিএসসির সামনে গিয়ে শেষ হয়। ছাত্রলীগের কর্মীরা মিছিল থেকে শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

আহত ২৮

পুলিশ ও ছাত্রলীগের হামলায় কমপক্ষে ২৮ জন শিক্ষার্থী আহত হন।এর মধ্যে ঢাকা মেডিকেল সেন্টারে চিকিত্সা নিয়েছেন স্যার এ এফ রহমান হলের শরীফ, কামরুল হাসান, আল আমিন, মোস্তাফিজুর রহমান, মনির, সৌরভ, শাহরিয়ার, মুহসীন হলের তানভীর, মাহতাব, শাহরিয়ার, সাঈদ, সাব্বির, মিজান।জিয়া হলের শাহীন, শাহ আলম।জগন্নাথ হলের প্রদীপ কুমার, সজীব বালা।শামসুন নাহার হলের আরিশা।আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মধ্যে চারজন চিকিত্সা নিয়ে চলে গেছেন।ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, তাঁদের বেশির ভাগই রাবার বুলেট ও লাঠির আঘাতে আহত হয়েছেন।

যানবাহন ভাঙচুর

সংঘর্ষের সময় বিসিএস পরীক্ষার্থীরা অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন। এর মধ্যে দুটি গাড়ি শাহবাগে, উপাচার্যের বাসভবনের সামনে একটি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ও স্যার এ এফ রহমানের হলের সামনে ভাঙা হয় আরেকটি। 

বিনা উসকানিতে হামলার অভিযোগ: বিক্ষোভরত পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁরা কোনো সহিংস আন্দোলন করতে মাঠে নামেননি।তাঁরা কোটাপ্রথা বাতিলের দাবিতে শান্তিপূর্ণভাবে শাহবাগ চত্বরে সমাবেশ করতে চেয়েছিলেন।কিন্তু পুলিশ বিনা উসকানিতে নির্মমভাবে তাঁদের ওপর নির্যাতন চালিয়েছে।

পুলিশের বক্তব্য: কর্তব্যরত পুলিশ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁরা প্রথম আলো ডটকমকে বলেন, ছাত্রদের তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সমাবেশ করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাঁরা এই অনুরোধ উপেক্ষা করে শাহবাগে এসে গাড়ি ভাঙচুর করেন। যানজট এড়াতে ছাত্রদের সরিয়ে দেওয়া ছাড়া তাঁদের আর কিছু করার ছিল না।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান প্রথম আলো ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আন্দোলনকারীদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দুর্ভোগ: বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নীলক্ষেতে যাওয়ার পথে সব ধরনের যান চলাচল একেবারে বন্ধ ছিল।ফলে ওই এলাকা দিয়ে শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে যেতে দুর্ভোগে পড়েন রোগীরা।অনেককে উদভ্রান্তের মতো ছুটোছুটি করতে দেখা যায়।হেলেন বেগম নামের একজন নারী প্রথম আলো ডটকমকে জানান, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা মেডিকেল কলেজ যাবেন, কিন্তু রাস্তা বন্ধ থাকায় কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না।

সংবাদমাধ্যমের ওপর আক্রোশ: বিক্ষোভরত শিক্ষার্থীরা আজ এটিএন বাংলা ও একাত্তর টেলিভিশনের গাড়ি ভাঙচুর করেন।কয়েকজন আন্দোলনকারী ‘প্রথম আলো’ ও ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর প্রতিবেদনে ৩৪তম বিসিএসে তাঁদের অকৃতকার্য হিসেবে উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন।একজন পরীক্ষার্থী বলেন, ‘আমি সত্তরের ওপর নম্বর পেয়ে পাস করিনি, আরেকজন নিজের নামের বানান শুদ্ধ করে লিখতে না পেরেও পুলিশ কর্মকর্তা হয়।আর পত্রিকায় লেখা হয় আমি অকৃতকার্য।’

আন্দোলন নিয়ে রাজনৈতিক দলের ফায়দা লোটার চেষ্টা?

কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের একটি অংশ কেন চারুকলা অনুষদ থেকে মোটিফ টেনেহিঁচড়ে বাইরে নিয়ে এসেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।পুলিশের উপস্থিতিতে শিবিরবিরোধী স্লোগান দিয়ে হঠাত্ করে পরীক্ষার্থীদের ওপর চড়াও হওয়া অংশটির পরিচয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।বিক্ষোভরত পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন,  ছাত্রলীগ তাঁদের ওপর হামলা চালিয়েছে।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেছেন, তিনি শুনেছেন আন্দোলনে মুক্তিযুদ্ধবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয়ে বহু মুক্তিযোদ্ধার সন্তান আছেন।তাঁরা ক্ষিপ্ত হয়ে প্রতিহত করে থাকতে পারেন।ছাত্রলীগের কেউ এর সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেন।

পিএসসির পরীক্ষার ক্ষেত্রে এত দিন প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত পর্যায়ে কোটা পদ্ধতি প্রয়োগ করা হতো। কিন্তু ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পর্যায় থেকেই কোটা পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে অনেক চাকরিপ্রার্থী বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আর পিএসসি বলেছে, শেষ পর্যায়ে কোটা পদ্ধতি প্রয়োগ করলে কোটা পূরণ করার জন্য প্রার্থী পাওয়া যায় না, বছরের পর বছর পদ শূন্য থেকে যায়।

সাধারণ ক্যাডারের ৪৪২টি পদসহ মোট দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন দেওয়া হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন। গত ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেন। গত সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং মোট ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বিকেলে পিএসসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে বলা হয়, ফলাফল নিয়ে কিছুসংখ্যক প্রার্থীর মধ্যে সৃষ্ট ভুল-বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।