ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি। এবারের মূল প্রতিপাদ্য ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিভাগীয় কার্যালয় খোলা থাকবে।
এদিকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় অগণতান্ত্রিক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা দলের শিক্ষকেরা। গতকাল রোববার শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন এই ঘোষণা দেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল নয়টায় প্রতিটি ছাত্রাবাস থেকে শোভাযাত্রা নিয়ে প্রশাসনিক ভবনসংলগ্ন মলে জমায়েত হবেন শিক্ষার্থীরা। সকাল ১০টায় থাকছে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও স্মৃতিচারণা অনুষ্ঠান। রয়েছে কুইজ প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক, প্রীতি ফুটবল এবং ক্রিকেট ম্যাচ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পাণ্ডুলিপি প্রদর্শনী, সংগীত, নাটক ও নৃত্য।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে এরই মধ্যেই তিন দিনব্যাপী গবেষণা প্রদর্শনী শুরু হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। আগামীকাল প্রদর্শনী শেষ হবে।