ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল জয়ী
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকার-সমর্থক নীল দল ১৫টি পদের সব কটিতে জয়ী হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে তিনটায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নীল দলের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সহসভাপতি হাসিবুর রশিদ, কোষাধ্যক্ষ শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল ও যুগ্ম সম্পাদক আফতাব আলী শেখ। সদস্য পদে লড়েছেন নয়জন।
বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের পক্ষে লড়েছেন সভাপতি পদে আখতার হোসেন খান, সহসভাপতি পদে এ বি এম ওবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে এ বি এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান ও যুগ্ম সম্পাদক পদে দিলীপ কুমার বড়ুয়া। সদস্য পদে লড়েছেন নয়জন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিক উজ্জ-জামান। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। মোট ভোটার ছিলেন ১৯০২ জন। এর মধ্যে ১৩৬৫ জন ভোট দিয়েছেন।