ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নীল দলের সংখ্যাগরিষ্ঠতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক পর্ষদ ও ফাইন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ১৩টি পদের ১১টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ ও বাম সমর্থক শিক্ষকদের নীল দল।

সিন্ডিকেটের ছয়টি পদে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল মাত্র দুটো পদ পেয়েছে। একাডেমিক পর্ষদ ও ফাইন্যান্স কমিটির সবগুলো পদে নীল দল বিজয়ী হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ হয়। এরপর এই ফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন।

সিন্ডিকেটে নীল দলের বিজয়ীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার। সাদা দলের স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মো. লুত্ফর রহমান ও মার্কেটিং বিভাগের প্রভাষক আফরীন চৌধুরী জয় পেয়েছেন।

একাডেমিক পর্ষদের ছয়টি পদের সবগুলোতেই সরকার সমর্থকেরা জয়ী হয়েছেন। সহযোগী অধ্যাপকদের মধ্যে বিজয়ীরা হলেন ফলিত পদার্থবিজ্ঞানের জেড এম পারভেজ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আবদুল্লাহেল আমীন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাহবুব আহসান খান।

সহকারী অধ্যাপকদের মধ্যে ওষুধ প্রযুক্তি বিভাগের আবুল কালাম লুত্ফুল কবির, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সুবোধ দেবনাথ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৌহিদুল হক।

নির্বাচনে ফাইন্যান্স কমিটির একমাত্র পদে জয়ী হয়েছেন নীল দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাসুদুর রহমান।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মোট এক হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে এক হাজার ২৮৯ জন ভোট দিয়েছেন।