ঢাকা বিশ্ববিদ্যালয় : ৪৯তম সমাবর্তন আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনে মোট ৬ হাজার ১০৪ জন ডিগ্রি পাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে এই সংবাদ সম্মেলন হয়।
উপাচার্য জানান, ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে পিএইচডি পাবেন ৪২ জন, এমফিল ২০ জন, স্বর্ণপদক ২৯, এমএস ৪৯ জন, স্নাতক ৩১৬০ জন, স্নাতকোত্তর ৫৬৫ জন, এমবিবিএস ১৬২৫ জন, বিডিএস ৩১৯ জন, নার্সিং ও ফিজিওথেরাপি ১৮৬ জন এবং হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ডিগ্রি পাবেন ১০৯ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টা ৫৫ মিনিটে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সেখানে সভাপতিত্ব করবেন। এ বছর সমাবর্তন বক্তব্য দেবেন জেনেভাভিত্তিক মেধাস্বত্ব সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি। গ্যারি অস্ট্রেলিয়ার একজন আইনজীবী।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল এই সমাবর্তন বর্জন করেছে। সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মজুমদার ও অধ্যাপক সিরাজুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের অনুপস্থিতি এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় কর্তৃপক্ষের নানা অনিয়ম ও একদলীয় মনোভাবের প্রতিবাদে সাদা দল সমাবর্তন অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।