ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রবেশ পথেই লাশের সারি! আঁধো আলোতে সত্যিকারের লাশ বলেই ভ্রম হয়। কোনোটা সিঁড়িতে, কোনোটা রাস্তার পাশে পড়ে আছে। গায়ে মুখে রক্ত মাখা। যেমনটা ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
গতক শনিবার রাতে কালরাত স্মরণে মাটি দিয়ে তৈরি লাশের সারি করে রাখা হয় হলটিতে। হলের ভেতরের রাস্তাজুড়ে আঁকা হয় রাজাকারদের নিয়ে ব্যঙ্গাত্মক ছবি। পথ চলতে পায়ের নিচে চাপা পড়ে স্বাধীনতাবিরোধীদের সেসব মুখ।
জাতীয় গণহত্যা দিবসকে ঘিরে জগন্নাথ হলে আয়োজন ছিল আলোচনা সভার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এতে প্রধান অতিথি ছিলেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকেরা। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার এতে সভাপতিত্ব করেন।
রাত ১১ টা ৫৯ বাজার সঙ্গে সঙ্গে জগন্নাথ হলের সব বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেওয়া হয়। মোমবাতির আলো জ্বালা হয় গণকবর ঘিরে। গণকবরের সামনে যে শহীদদের স্মৃতিস্তম্ভ, মোমবাতি আর প্রদীপের শিখায় তা পরিপূর্ণ হয়ে ওঠে। হলের আনুষ্ঠানিক আয়োজন ছাড়াও শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানান নানান শ্রেণী পেশার মানুষ। শহীদ মিনার থেকে পদযাত্রা করে হাজারো মানুষের ঢল নামে এখানে।
পরে স্বাধীনতা দিবস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ১২ টা ১ মিনিটে সব বৈদ্যুতিক বাতি আবার জ্বেলে দেওয়া হয়। যেভাবে ২৬ মার্চ নতুন দিনের সূচনা হয়েছিল, আলো জ্বেলে সেই সময়টাকেও স্মরণীয় করে রাখা হল।
স্মৃতি চিরন্তনে শ্রদ্ধা: শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে স্মৃতি চিরন্তনে (উপাচার্যের বাসভবনের সামনে) আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। ২৫ মার্চ গণহত্যার শিকার সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অন্ধকার দূর করতে প্রতীকী হিসেবে ৪০টি মোমবাতি প্রজ্বালন করা হয়। প্রদর্শিত হয় জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড।