ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেও নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ ছয় মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ-সুবিধাই পাচ্ছেন না প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এখনো ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। তীব্র সেশনজটে নাকাল শিক্ষার্থীরা। অবকাঠামো সমস্যা তো আছেই।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর চামড়াশিল্পের কেন্দ্র হাজারীবাগে প্রায় ১৪ একর জায়গায় প্রতিষ্ঠিত ইনস্টিটিউটটিতে আছে প্রায় ২৮ কোটি টাকা দামের অত্যাধুনিক যন্ত্রপাতি, যা দেখভালের জন্য অফিস সহকারী মাত্র একজন। লেদার ইঞ্জিনিয়ারিং, লেদার প্রডাক্ট ইঞ্জিনিয়ারিং ও ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং—ইনস্টিটিউটের এ তিনটি বিভাগে নিজস্ব শিক্ষক ১০ জন। প্রতিষ্ঠানটিতে ৬৮৩ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন। তাঁদের মধ্যে এ বছর ভর্তি হয়েছেন ১৩০ জন।
শিক্ষক-সংকট ও সেশনজট: প্রাপ্ত নথিপত্র ঘেঁটে দেখা যায়, ইনস্টিটিউটে ১০ জন শিক্ষকের বাইরে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রেষণে পদায়ন করা হয়েছে দুজন শিক্ষককে। তাঁদের মধ্যে সহকারী অধ্যাপক মারুফা মাহবুবা শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক। অস্থায়ী খণ্ডকালীন শিক্ষক রয়েছেন ১৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষকেরা খণ্ডকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষক বলেন, এখনো পরিচালক নিয়োগ না হওয়া হতাশাজনক। ইনস্টিটিউটের নিজস্ব পরিচালক না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ইনস্টিটিউটগুলোর মতো প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক-সংকটের জন্য সময়মতো ক্লাস-পরীক্ষা হয় না। প্রায়ই পরীক্ষা পেছায়। ফলে সেশনজট বাড়ছে। ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের (২০০৭-০৮ শিক্ষাবর্ষ) এক ছাত্র বলেন, শিক্ষকের অভাবে অফিস সহকারীরা শিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রায় ছয় বছর পার হলেও তাঁদের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের পরীক্ষা এখনো হয়নি। একই বিভাগ ও বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, সপ্তাহে যেখানে তিনটি ক্লাস হওয়ার কথা, সেখানে দুটি ক্লাসও ঠিকমতো হয় না।
জানতে চাইলে ভারপ্রাপ্ত পরিচালক মারুফা মাহবুব বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমি ভারপ্রাপ্ত পরিচালকের পদে রয়েছি। প্রতিষ্ঠানে শিক্ষক পদায়নের ব্যাপারে সিদ্ধান্ত চলছে। তাই এ বিষয়ে এখন কথা বলা ঠিক হবে না।’ অবকাঠামো সমস্যা: সরেজমিনে জানা যায়, ইনস্টিটিউটের ব্যবহারিক গবেষণাগারে ১২টি কম্পিউটারের মধ্যে মাত্র তিনটি সচল। বাকিগুলো দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত কম্পিউটারের অভাবে মাত্র পাঁচটি ব্যবহারিক পরীক্ষা চলে এক মাস ধরে। এ ছাড়া ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ব্যবহারিক ক্লাসের কাঁচামালসহ নতুন যন্ত্রাংশ কেনার জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
শিক্ষার্থী সানাউল্লাহ সাব্বির জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাঁরা বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাঁদের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহন নেই। মাত্র একটি বাসে গাদাগাদি করে যাতায়াত করতে হয়। প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি ছোট বাস ছাড়ে, তাতে ২০ জনের বেশি শিক্ষার্থীর জায়গা হয় না। ছাত্রীদের জন্য কমনরুম নেই। মেয়েদের আবাসিক হল নেই, শিক্ষকদের আবাসিক ভবনের নিচতলায় থাকতে হয়। ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন উল্লেখ করে কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, তাঁদের থাকার জায়গায় বহিরাগতরা অনায়াসে ঢুকতে পারে। এমন অনেক সমস্যা নিয়ে প্রতিষ্ঠানের ডিন ও উপাচার্যের কাছে ছাত্ররা লিখিত দাবি জানান।
সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি নতুন ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পাবেন, তবে সময় লাগবে। ইনস্টিটিউটে শিক্ষকের সংকট রয়েছে স্বীকার করে তিনি বলেন, শিক্ষক-সংকট দূর করার চেষ্টা চলছে। পরিচালক নিয়োগের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুসারে মারুফা মাহবুব পরিচালকের দায়িত্ব পালন করছেন। খুব শিগগির তাঁকে আত্তীকরণ করা হবে।