ঢাকা বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা কর্মসূচির উদ্বোধন

আগামীকাল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ এ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে এই রোগের চিত্র এইডসের চেয়েও আশঙ্কাজনক। তবে একটু সচেতনতা এ রোগ থেকে মানুষকে রক্ষা করতে পারে।
সোসাইটি ফর থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস (এসটিএ) এ কর্মসূচির আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস গ্রুপ এতে সহযোগিতা করছে।
আজ কর্মসূচির উদ্বোধনী দিনে থ্যালাসেমিয়া-বিষয়ক সচেতনতামূলক সেমিনারে এ রোগের কারণ, চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেন বক্তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ও বিএমটি বিভাগের অধ্যাপক সালমা আফরোজ বলেন, পিতা-মাতা উভয়েই থ্যালাসেমিয়া জিনের বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মের সম্ভাবনা তৈরি হয়। তিনি বলেন, একটি রক্ত পরীক্ষার মাধ্যমে কেউ থ্যালাসেমিয়ার জিন বহন করছে কি না, তা জানা সম্ভব। আর মাধ্যমে তারা সচেতনতামূলক ব্যবস্থাও নিতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন শিবলি রুবায়েত উল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আবদুর রহিম রবিন।
এ ছাড়া কর্মসূচিতে রক্তদান কর্মসূচি, আলোকচিত্র প্রদর্শনী এবং থ্যালাসেমিয়ার তথ্যনির্ভর বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলারও আয়োজন করা হয়।