ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ২৪ আগস্ট থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য ২৪ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশ ১০ অক্টোবর ও অঙ্কন অংশ ১৭ অক্টোবর, গ-ইউনিটের ১৬ অক্টোবর, ক-ইউনিটের ৩০ অক্টোবর ও ঘ-ইউনিটের ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা: এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮, খ-ইউনিটের ৭, গ-ইউনিটের ৭ দশমিক ৫ প্রয়োজন। ঘ-ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে মানবিক বিভাগ থেকে ৭, বিজ্ঞান থেকে ৮, ব্যবসায় শিক্ষা থেকে ৭ দশমিক ৫ প্রয়োজন। তবে কোনো একটি বিষয়ে বি গ্রেড বা জিপিএ ৩-এর কম থাকলে পরীক্ষার্থী আবেদন করতে পারবে না। আর চ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যোগফল ৬ দশমিক ৫ আর আর একটি পরীক্ষায় ন্যূনতম ৩।
এ বছর ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করতে হবে http://www.du.ac.bd/admission.php এই ঠিকানায়।
ইংরেজি বিভাগে ভর্তি হতে এ বছর বাধ্যতামূলকভাবে ‘ঐচ্ছিক ইংরেজি’ (ইলেকটিভ ইংলিশ) অংশের উত্তর দিতে হবে না। গতবারের ভর্তি পরীক্ষার ফল বিবেচনায় নিয়ে চলতি বছর এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থীরা কলা অনুষদের অধীন খ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচটি অংশ থাকে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ), সাধারণ জ্ঞান (বিশ্ব) ও ঐচ্ছিক ইংরেজি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের চারটি অংশের উত্তর দিতে হতো। এই ইউনিটের মাধ্যমে ইংরেজি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়।
কিন্তু গতবার ইংরেজি বিভাগ আলাদা শর্ত আরোপ করে—এই বিভাগে ভর্তি হতে চাইলে সাধারণ ইংরেজিতে ২০ ও ঐচ্ছিক ইংরেজিতে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে। কিন্তু খ ইউনিটের ১২৫ আসনের জন্য মাত্র দুজন এই শর্ত পূরণ করেন। পরে শর্ত শিথিল করে পাস নম্বর ১৮ ও ৮ করা হয়। এ ছাড়া ঘ ইউনিট থেকে আসনসংখ্যাও বাড়ানো হয়।
জানতে চাইলে খ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, এ বছরও প্রশ্নপত্রে ঐচ্ছিক ইংরেজি থাকবে।