ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রত্যাহারের আন্দোলনের সমর্থনে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বেদখল (হ্যাকড) হয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) গতকাল রাত আটটার কিছু পরে হ্যাক করে সাইবার-৭১ নামে বাংলাদেশের একটি হ্যাকার দল। দখল করার পর ওয়েবসাইটটির প্রথম পাতায় কালো রঙের ওপর টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে কয়েকটি বাক্য লিখে রেখেছে হ্যাকাররা। আর পটভূমিতে বাংলাদেশের জাতীয় সংগীতের সুর বাজানো হচ্ছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, ‘আমরা এটা দেখেছি। ওয়েবসাইটটি ঠিক করার কাজ চলছে।’
বেদখল হওয়া সাইটটির প্রথম পাতায় হ্যাকাররা লিখে রেখেছে: ‘১৯৫২, ’৬৯-এর আন্দোলনের সফলতা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্যসন্তানের হাত ধরেই। আজ যখন ভ্যাট নেওয়ার নামে শিক্ষা খাতকে বাণিজ্য করে ফেলা হচ্ছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেন? শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে কে দিয়েছে? এই লজ্জা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, পুরো বাংলাদেশের। শিক্ষা খাতকে পবিত্র রাখতে গর্জে ওঠো বাংলাদেশ’।
#NoVatOnEducation হ্যাশট্যাগের কথাও উল্লেখ আছে সাইটে। হ্যাকাররা এটিও লিখেছে যে, ওয়েবসাইটটির হোমপেজ (প্রথম পাতা) ছাড়া সব তথ্য অক্ষত রয়েছে। ভর্তিসংক্রান্ত পেজটিও (http://admission.eis.du.ac.bd) সচল রয়েছে।