ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইভিং পুলে ছাত্রের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইভিং পুলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। তাঁর নাম ফাহিম শাহরিয়ার চৌধুরী। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শাহরিয়ার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) তৃতীয় সেমিস্টারের ছাত্র। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। তাঁদের বাসা রাজধানীর শাহবাগের পরীবাগে।
সুইমিং পুলের পরিচালক শাহজাহান মিয়া প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গত ১৯ মে এখানে ভর্তি হন ফাহিম। এ পর্যন্ত তিনি সাতটি ক্লাস করেছেন। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছেলেরা এখানে সাঁতার কাটতে পারে। আজ বেলা পৌনে ১২টার দিকে এক মিটার ওপর থেকে পুলে ডাইভ করেন ফাহিম। কিন্তু পানির ধাক্কা সহ্য করতে না পেরে তাঁর নাক-মুখ দিয়ে কিছুটা রক্ত বের হয়ে আসে। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।