ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও ফজলুল হক হলের মধ্যবর্তী পুকুরে গোসল করতে নেমে মাহফুজ হায়দারি ওরফে রাহী (২১) নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ হায়দারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাহফুজের বন্ধু-পরিচিতরা জানায়, বিকেলে মাহফুজ ওই পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি ডুবে যান। তাঁকে দেখতে না পেয়ে পুকুরের পাড়ে থাকা তাঁর বন্ধুরা চিৎকার শুরু করেন। খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মাহফুজকে উদ্ধার করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ হায়দারির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পরিদর্শক মোজাম্মেল হক।