ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিষোদ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নম্বর কমানোর দাবি করেছে মালিকপক্ষ। আজ এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিষোদ্গারও করেছে তারা। তারা জানায়, বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধে একটি চক্র কাজ করছে। এদের চিকিৎসা শিক্ষা সম্পর্কে ধারণা নেই।

আজ রোববার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কার্যালয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সংগঠনের নেতারা মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তিতে ১০০ তে ২০ ও বিডিএস কোর্সে ভর্তিতে ১০০ তে ১০ পাস নম্বর নির্ধারণের দাবি জানান। তাঁরা বলেন, ৩১ জানুয়ারির মধ্যে সরকার এ দাবি মেনে না নিলে বেসরকারি মেডিকেলের সাড়ে চার হাজার আসন ফাঁকা পড়ে থাকবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বেসরকারি মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক অথচ পরীক্ষায় পাস নম্বর পাননি এমন পাঁচ শিক্ষার্থীকেও উপস্থিত করেন।
বিপিএমসিএর উপদেষ্টা ও এমএইচ শমরিতা মেডিকেল কলেজের চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, ‘মেডিকেলে ভর্তিতে প্রথম শর্ত জিপিএ ৮ পাওয়া। খোঁজ নিয়ে দেখেন যাঁরা ৪০ নম্বরে পাস ঠিক করেছে তাদের কয়জন ৮০ ভাগ নম্বর পেয়েছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ করে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নাই। তারা বেতন দিতে পারে না। আমরা দেড় লাখ টাকা বেতন দিই।’ তিনি আরও বলেন, যাঁরা ৪০ নম্বরের নিচে ভর্তির বিপক্ষে এমন দুজনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করেছে অ্যাসোসিয়েশন। তাঁরা দ্বিতীয় বিভাগ পেয়েছিলেন।

বিপিএমসিএর সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মেডিকেলের পড়া সিনসিয়ারিটি ও রেগুলারিটির ওপর নির্ভর করে। বাংলাদেশের তিনজন জাতীয় অধ্যাপকের দুজন দ্বিতীয় বিভাগ থেকে পাস করেছেন। এতে কোনো সমস্যা হয়নি।’

উল্লেখ্য, এ বছর ৬৭ হাজার শিক্ষার্থী এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ২২ হাজার শিক্ষার্থী পাস করেছেন। সরকারি মেডিকেল কলেজগুলোয় আসনসংখ্যা চার হাজার। বেসরকারিতে ছয় হাজারের কিছু বেশি। পাস করা ছাত্রদের বদলে বেসরকারি মেডিকেল কলেজগুলো অনেক দিন ধরেই ফেল করাদের ভর্তির পাঁয়তারা করছে। তারা নম্বর কমানোর আরজি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করে। ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি কার্যালয় থেকে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন পাস নম্বর কমানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারও অনড় রয়েছে।