ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভর্তি পরীক্ষায় বিপুলসংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। এটা শিক্ষার্থীদের সর্বনাশ ডেকে আনছে। তাই এ বিষয়ে মূল্যায়ন করে ভুলভ্রান্তি বের করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।  

 গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই ভর্তি-প্রক্রিয়া ‘ত্রুটিপূর্ণ’। আর এটা পাস-ফেলের পরীক্ষা নয়। ভর্তির বাছাই পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষে ভর্তির পরীক্ষায় এবার ‘গণহারে’ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্র দুজন শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তির যোগ্য হয়েছেন। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। এ রকম পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ দেশের ১১ লাখ শিক্ষার্থীর মধ্যে মাত্র দুজন ইংরেজিতে ভর্তির যোগ্য হওয়াটা অস্বাভাবিক। তাই এ নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা তারাই (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) দূর করবে।

মন্ত্রী বলেন, প্রায় ৪০ ঘণ্টা করে এসএসসি ও এইচএসসিতে প্রায় ৮০ ঘণ্টার পরীক্ষা দিতে হয়। এর মধ্যে এমসিকিউতে এক ঘণ্টার ভর্তি পরীক্ষা দিয়ে শিক্ষার সার্বিক মান যাচাই হয় না। আর এটা তো বাছাই পরীক্ষা। তিনি মনে করেন এসএসসি ও এইচএসসির পর ভর্তির জন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই। 

শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী যদি মনে করেন ভর্তি-প্রক্রিয়ায় ত্রুটি-বিচ্যুতি আছে, তাহলে সেগুলো সুষ্পষ্টভাবে বলতে পারেন। তবে এখনকার ভর্তি-প্রক্রিয়া বহুদিনের পরীক্ষা-নিরীক্ষার ফসল। আর আসন সীমাবদ্ধতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড উঁচু থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু যারা ভর্তির সুযোগ পায়নি, তাদের কম মেধাবী বলতে চাই না।