ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আনন্দবাজার এলাকার একটি ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবুল বাশার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বাশারের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ত্রিপালপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল ওয়াহাব খান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।
বাশারের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাশার স্নাতক পাস করেছেন। কিন্তু স্নাতকোত্তর পর্বে ভর্তি হননি। তিনি অমর একুশে হলের ৪০৩ নম্বর কক্ষে থাকতেন। আনন্দবাজারের একটি ভবনে নিট নট লিমিটেড নামে তাঁর একটি বায়িং হাউস ছিল। বায়িং হাউসের ওই কক্ষেই আজ তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, দুপুর ১২টার দিকে বাশারের ভগ্নিপতি ও ব্যবসায়িক সহযোগী দ্বিতীয় তলায় বাশারের ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখেন। তিনি বলেন, দেড়টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
অমর একুশে হলে বাশারের রুমমেট ফুয়াজ উন রাব্বি বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায়ও তিনি (বাশার) কক্ষে গিয়েছিলেন। তখন তাঁকে স্বাভাবিকই মনে হয়েছে।
বাশারের আরেক ব্যবসায়িক সহযোগী ফায়েজ বলেন, গতকাল রাত নয়টার দিকেও তাঁর সঙ্গে বাশারের দেখা হয়। তখন বাশার তাঁকে বলছিলেন, তিনি অসুস্থ। এ সময় ফায়েজ বাশারকে তাঁর বাসায় যেতে বললেও তিনি যাননি।
ফায়েজ আরও বলেন, গতকাল রাতে বাশারের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ করেননি তিনি।
বাশারের বোন জান্নাত বলেন, দুদিন আগে তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয় বাশারের। এরপর আর কোনো কিছু জানেন না তিনি। আজ তিনি মৃত্যুর খবর জানতে পান।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান সাংবাদিকদের বলেন, বাশারের ভগ্নিপতি গত বৃহস্পতিবার বাড়ি গিয়েছিলেন। আজ ফিরে এসে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি বলেন, বাশারের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর পা মেঝের সঙ্গে লাগানো ছিল। তবে এটি আত্মহত্যা কি না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। ময়নাতদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।