ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল সোমবার দুপুরে ছিনতাইকারীর গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর দাবি, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে প্রায় চার লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।গুলিবিদ্ধ রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, তিনি শান্তিনগরে একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির কার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান পাইওনিয়ারের বিক্রয় প্রতিনিধি। তিনি চানখারপুল, ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দোকানে মুঠোফোনের প্রিপেইড কার্ড সরবরাহ করেন। গতকাল তিনি চানখারপুল ও ঢাকা মেডিকেলের সামনের দোকানগুলো থেকে কার্ড বাবদ বকেয়া ২০-৩০ হাজার টাকা তোলেন। এরপর হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে মোটরসাইকেলের আরোহী তিন যুবক তাঁর পথ রোধ করে এবং বুকের বাঁ পাশে গুলি করে কাছে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে সব মিলিয়ে প্রায় চার লাখ টাকা ছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনেন।হাসপাতাল সূত্র জানায়, ঘটনাস্থল ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে বলে জানান রফিকুল। তবে তাঁর সহকর্মীরা বলেন, জহুরুল হক হলের সামনে ঘটনাটি ঘটেছে।ব্রিটিশ কাউন্সিল ও জহুরুল হক হলের সামনে গেলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রথম আলোকে জানান, এ দুই স্থানে এমন কোনো ঘটনা ঘটেনি। পরে যোগাযোগ করা হলে শাহবাগ থানার একজন পুলিশ কর্মকর্তা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটেনি বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ওই স্থানগুলোতে রক্তের দাগও পায়নি। তবে জহুরুল হক হলের কথা বলায় ধারণা করা হচ্ছে, পলাশী থেকে নীলক্ষেতমুখী সড়কে ঘটনাটি ঘটতে পারে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আহত রফিকুলের সঙ্গে এখনো ভালো করে কথা বলতে পারেনি পুলিশ। তিনি চিকিৎ সা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগত ছিনতাইকারীর পক্ষে এ ধরনের ঘটনা ঘটানো কঠিন। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।