ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচনের ভয়ে চার উপাচার্য’ শিরোনামে ১৫ মে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ওই প্রতিবাদলিপিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির সভা হয়নি। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়টি সমিতির সাধারণ সম্পাদক আলোচ্যসূচি-বহির্ভূতভাবে উত্থাপন করেন। আলোচ্যসূচি-বহির্ভূত বিষয়ে সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়া যথাযথ হয়নি বলে সমিতির কার্যকর পরিষদে আলোচনাক্রমে বিষয়টি স্থগিত হয়ে আছে বলে জানা যায়।প্রতিবাদলিপিতে আরও বলা হয়, উপাচার্য ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তাঁকে অবহিত করেন মর্মে প্রকাশিত বক্তব্য কল্পনাপ্রসূত। বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে প্রধানমন্ত্রীর এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।প্রতিবাদলিপিতে উল্লিখিত শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত সম্পর্কে সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান বুধবার প্রথম আলোকে বলেন, সিদ্ধান্তটি লিখিত আছে এবং তা স্থগিতের প্রশ্নই ওঠে না।সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে, এমন কিছু তাঁর জানা নেই।