ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খোলার দাবিতে সমাবেশ
ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাবেশে শিক্ষার্থী ও ছাত্রনেতারা বলেছেন, দেশে সবকিছু যেখানে খোলা, সেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনো যুক্তি থাকতে পারে না।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ হয়। সমাবেশে বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদেকুল ইসলাম বলেন, ‘অবিলম্বে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা চাই। গণরুমহীন বিশ্ববিদ্যালয় চাই, এই সংস্কৃতির বিলোপ ঘটানোর এখনই সময়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রকে আমরা একটা উন্নত জায়গায় দেখতে চাই, যেখানে প্রতিদিন করোনা পরীক্ষা করানো হবে।’ তিনি অভিযোগ করেন, ‘আন্দোলন ছাড়া আমাদের মতো দেশে কিছু আদায় হয় না। করোনার শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চায়নি, আন্দোলন করে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হয়েছে। আবার এখন যখন খোলার সময় হয়েছে, তখনো তারা খুলতে চায় না, তখনো আমাদের আন্দোলন করতে হয়।’
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু বলেন, ‘দল-মতনির্বিশেষে সব শিক্ষার্থী চান যে বিশ্ববিদ্যালয় খোলা হোক, সতর্কতা মেনে ক্লাস নেওয়া হোক। কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার কোনো রকম নামগন্ধ আমরা দেখতে পাচ্ছি না। ক্যাম্পাস খোলার বিষয়ে কোনো অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা কবে দূর হবে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না।
সবকিছু যেখানে খোলা, সেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনো যুক্তি থাকতে পারে না।’
সমাবেশে অন্যদের মধ্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি ছায়েদুল হক, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক আদনান আজিজ চৌধুরী, ছাত্র ইউনিয়নের কর্মী মাইন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।