ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীকে লাঞ্ছিত করেছেন বহিরাগত যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুুপুরে। ওই ছাত্রী তাঁর নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কলা ভবনের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবক ওই ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় এবং যুবকটি ছাত্রীর চুল ধরে টানাটানি করতে থাকেন। এ ঘটনায় সেখানে উপস্থিত ছাত্ররা এগিয়ে গেলে বহিরাগত যুবকটি পালিয়ে যান।ঘটনার পর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে গিয়ে নিরাপত্তার দাবি জানিয়ে একটি অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে তিনি বলেন, ক্যাম্পাসে বহিরাগত এক যুবক তাঁর চুল ধরে টানাটানি এবং অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। কলেজে পড়াশোনা করার সময় থেকে ওই যুবক তাঁকে উত্ত্যক্ত করে আসছেন বলে তিনি উল্লেখ করেন।জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মাহফুজ হাসান। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। যুবকটির ব্যাপারে খোঁজ নিতে তাঁর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতরা যেন এভাবে কাউকে নাজেহাল করতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।