ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর বকরের জন্য কান্না
আবু বকরের মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল অঘোষিতভাবেই যেন পালিত হলো শোক দিবস। মানববন্ধনে কাঁদলেন শিক্ষকেরা, কাঁদলেন সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন, কলাভবন—সব জায়গায়ই ছিল শোকের ছায়া। সকাল থেকেই কালো ব্যাজ লাগিয়ে ক্যাম্পাসে আসেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র ছিলেন আবু বকর ছিদ্দিক। এই মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে এর বিচার দাবিতে ইসলামের ইতিহাস বিভাগের পক্ষ থেকে বেলা ১১টায় অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করা হয়। এতে বিভাগের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁদের মাথায় ছিল কালো কাপড়, বুকে কালো ব্যাজ। অন্য বিভাগের ছাত্ররাও এতে যোগ দেন। গতকাল বাম সংগঠনগুলো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করে। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ছিল নানা দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন। তাতে লেখা ‘আবু বকর মরল কেন? এ দায় কার?’ ‘এ কোন বর্বরতা’, ‘শিক্ষক হতে চেয়ে লাশ কেন’? অপরাজেয় বাংলা ছাড়িয়ে মানববন্ধন পৌঁছে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের মূল সড়কে। মানববন্ধন শেষে বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আবু বকরের পরিবারকে যথোপযুক্ত আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ। মানববন্ধনে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষকেরা। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘এই মৃত্যুর দায় আমাদের ওপরই বর্তায়। আমরা তাঁকে নিরাপত্তা দিতে পারিনি। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’ আবু বকরের বন্ধু জুবায়ের বলেন, ‘মানুষ কতটা সহজ-সরল হতে পারে সেটা ওকে না দেখলে বুঝতাম না। ওর ভেতরে কোনো কুটিলতা ছিল না। কিন্তু আমাদের কী দুর্ভাগ্য আমরা ওকে বাঁচাতে পারলাম না!’ বকরের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করে গতকাল বিক্ষোভ মিছিল বের করে কাম্পাসের বাম সংগঠনগুলো। পরে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট দুপুরে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি জানায়। এগুলো হলো: বকর হত্যার সঙ্গে জড়িত পুলিশ ও ছাত্রলীগ নেতাদের বিচার, সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া বন্ধ, মেধার ভিত্তিতে আসন বণ্টন চালু, আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশ পরিষদ কার্যকর করা। সংবাদ সম্মেলনে কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ৭ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। টাঙ্গাইল অফিস জানায়, আবু বকরের মা রাবেয়া বেগম ছেলের ছবি বুকে নিয়ে গতকাল সারা দিন কেঁদেছেন। শুধু গোলাবাড়ী গ্রাম নয়, মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ আবু বকরের বাড়িতে এসে তাঁর মা-বাবাকে সান্ত্বনা দেন। অনেকে কবর জিয়ারত করেন। মধুপুরের সাংসদ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল সন্ধ্যায় আবু বকরের বাড়ি গিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং মা-বাবাকে সান্ত্বনা দেন। আবু বকর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ গতকাল দুপুরে করটিয়া সরকারি সা’দত কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঁধনের সঙ্গে যুক্ত ছিলেন।