ঢাকা বিশ্ববিদ্যালয় খ ও ঘ ইউনিটে ভর্তি কার্যক্রমে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ১০ বিভাগে ভর্তি কার্যক্রমে আর কোনো বাধা নেই। উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে পৃথক ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ-সংক্রান্ত শর্তের কার্যকারিতা ১১ নভেম্বর হাইকোর্ট স্থগিত করেছিলেন। গতকাল বুধবার এ আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি ১০ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন আদালত। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন শুনানি করেন। মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক। এ এফ এম মেসবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করায় খ ইউনিটের মৌখিক পরীক্ষা এবং ৩ ডিসেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হতে বাধা নেই। ঘ ইউনিটের ফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমেও বাধা নেই।জানা যায়, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এ শর্তারোপের সিদ্ধান্ত নেয়। গত ২৯ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ প্রেক্ষাপটে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্তরোপের বৈধতা চ্যালেঞ্জ করে আলিম-উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক জুনায়েদ আল মামুনসহ তিন শিক্ষার্থী হাইকোর্টে রিটটি করেন। হাইকোর্টের আদেশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎ গ্রহণ ২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে।