ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ব্রেইল বই দিল প্রকাশনা সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নিজেদের প্রকাশিত ব্রেইল বই ও অডিও সিডি দিয়েছে ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব বই হস্তান্তর করা হয়।
প্রকাশনা সংস্থাটি ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত বইগুলোর মধ্যে মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস, মফিদুল হকের সে কোন রবীন্দ্রনাথ, হুমায়ূন আহমেদের বোতল ভূত, ফরিদুর রেজা সাগরের কক্সবাজারের কাকাতুয়া, লুৎফর রহমান রিটনের ৭১ দেখব বলে, ফেরদৌসী মজুমদারের নূরী কাহিনী ইত্যাদিসহ মোট ১৬টি বইয়ের একাধিক কপি করে গ্রন্থাগারে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রধান উদ্যোক্তা নাজিয়া জাবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।