ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি লাঞ্ছিত
ছাত্রলীগের সূর্যসেন হল শাখার নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও সদস্যদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্রাজিল-জার্মানির খেলা শেষে গতকাল বুধবার ভোরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। রাজু ভাস্কর্যের সামনে বিশ্বকাপ চলাকালে বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি ফুটবল নিয়ে বিভিন্ন ছবি ও প্রামাণ্যচিত্র দেখানোর ব্যবস্থা করেছে চলচ্চিত্র সংসদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি টেলিভিশন চ্যানেল ক্যামেরায় ব্রাজিল-জার্মানির খেলা শেষে টিএসসির শিক্ষার্থীদের উচ্ছ্বাস ধারণ করছিল। চলচ্চিত্র সংসদের সদস্যদের সঙ্গে আগেই যোগাযোগ করে তাঁদের কয়েকজনের সাক্ষাৎকার নিচ্ছিল একটি বেসরকারি টেলিভিশন। এ সময় ক্যামেরার সামনে তাঁদের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিলেন ছাত্রলীগের ওই কর্মীরা।
চলচ্চিত্র সংসদের সদস্যরা অভিযোগ করেন, এই দলের সঙ্গে বড় পর্দায় খেলা দেখানোর দায়িত্বে থাকা টেকনিশিয়ান আল-আমীনও ছিলেন। ছাত্রলীগের কর্মীরা তাঁকে সেখান থেকে সরে যেতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে টিএসসিতে থাকা চলচ্চিত্র সংসদের সভাপতি ছুটে এলে তাঁকে ও অপর এক সদস্যকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। চলচ্চিত্র সংসদের সভাপতি সিফাত-ই রাব্বী বলেন, ‘হামলাকারীরা সূর্যসেন হলের বলে নিশ্চিত হতে পেরেছি।’
সূর্যসেন হলের সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে জানেন না বলে দাবি করেন।