ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাস্টারদা সূর্য সেন ও জিয়াউর রহমান হল শাখার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে শুরু হয়ে সোয়া ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। তবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ছাত্রলীগের সূর্য সেন হল শাখার কয়েকজন কর্মী জিয়া হলসংলগ্ন সড়কের পাশে একটি দোকানে সিগারেট কিনতে যান। এ সময় সিগারেট দিতে দেরি করায় তাঁরা দোকানদার হেলালকে মারধর এবং দোকানে ভাঙচুর করেন। ওই সময় জিয়া হলের ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া দিলে তাঁরা সূর্য সেন হলের ভেতরে চলে যান। কিছুক্ষণ পর লাঠিসোঁটাসহ দলবল নিয়ে সূর্য সেন হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা সূর্য সেন ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেন। একইভাবে একটু দূরে অবস্থান নেন জিয়া হলের ছাত্রলীগের কর্মীরা। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষ নিজ নিজ অবস্থান থেকে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। ঘণ্টা খানেক ধরে এ পরিস্থিতি চলে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানতে চাইলে প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের সূত্রপাতের সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।