ঢাকা বিশ্ববিদ্যালয় টানছে না বিদেশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

একসময় এশিয়ার বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থী আসার সংখ্যা ক্রমেই কমছে। গত দুই শিক্ষাবর্ষে ভর্তি হননি একজনও বিদেশি শিক্ষার্থী।
রাজনৈতিক অস্থিরতা, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান নিচে নেমে যাওয়া, ভর্তি-প্রক্রিয়ার জটিলতা, ভাষাগত সমস্যা ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের যথাযথ পরিচিতি না থাকাকে এ জন্য দায়ী করেছেন সংশ্লিষ্টরা।
তবে এসব সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। উল্টো বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় আমলাতান্ত্রিক জাটিলতাকে দায়ী করছেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা স্যার পি জে হার্টজ আন্তর্জাতিক হলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওই হল কার্যালয় সূত্রে জানা যায়, ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে ১০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩৬ জন বিদেশি শিক্ষার্থী সিটের আবেদন করেছেন। এর মধ্যে ২০০১-০২ শিক্ষাবর্ষে একজন, ২০০৩-০৪ শিক্ষাবর্ষে একজন, ২০০৪-০৫ শিক্ষবর্ষে সাতজন, ২০০৫-০৬ শিক্ষাবর্ষে সাতজন, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে সাতজন, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে দুজন, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে সাতজন, ২০০৯-১০ ও ২০১০-১১ শিক্ষাবর্ষে দুজন করে বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সর্বশেষ ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। এ ছাড়া ২০০৮-১০ শিক্ষাবর্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘রিজিওনাল মাস্টার্সে’ ছয়জন এবং ২০১০-১১ শিক্ষাবর্ষে আরও ছয়জন নেপালি শিক্ষার্থী ভর্তি হন। কিন্তু বর্তমানে ওই মাস্টার্স কোর্সটিও বন্ধ হয়ে গেছে।

পি জে হার্টজ হলের প্রশাসনিক কর্মকর্তা মো. এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হলে বর্তমানে ১২২ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। তাঁদের অধিকাংশই বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।
মো. এমদাদুল ইসলাম জানান, হলে মোট ১২৩টি কক্ষের মধ্যে ৬৩টি কক্ষ বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে। বাকি কক্ষগুলোতে সিন্ডিকেটের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা থাকছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব নীতিমালা নেই। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেই তাঁদের ভর্তি হতে হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো কার্যালয় না থাকায় ভর্তি হতে এসে হয়রানির শিকার হন তাঁরা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে এখনো ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হয় না। এ কারণে পড়তে এসে ভাষাগত সমস্যায়ও পড়েন তাঁরা।
পি জে হার্টজ হলের প্রাধ্যক্ষ মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয় দিন দিন পিছিয়ে যাচ্ছে। আগের সেই সুনাম আর নেই। ডিজিটাল ফ্যাসিলিটিজও অন্যান্য দেশের তুলনায় অপ্রতুল। এসব কারণেই হয়তো শিক্ষার্থীরা আসছেন না। তবে ভর্তির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতাকেও তিনি প্রধান কারণে হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি হতে অনিচ্ছা দেখাচ্ছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সেল খুলে সেখান থেকেই বিদেশি শিক্ষার্থী ভর্তির কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুপারিশ করা হয়েছে।’