ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল এ বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও ভবনগুলো সাজানো হয়েছে মনোরম সাজে। রোভার স্কাউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সহযোগিতায় ক্যাম্পাসে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছনা অভিযান চলেছে।
এ বছর বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য বিষয় ‘অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উচ্চশিক্ষা’। সকাল সোয়া ১০টায় দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে সকাল ১০টায় প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা শোভাযাত্রা করে মল চত্বরে জমায়েত হবেন।সেখানে কেক কেটে কর্মসূচি উদ্বোধনের পর শোভাযাত্রা যাবে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।
টিএসসি মিলনায়তনে বেলা ১১টা থেকে আলোচনা ও স্মৃতিচারণা পর্ব শুরু হবে। প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।
দিনের অন্য অনুষ্ঠানের মধ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি বিতর্ক, বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগে গবেষণা প্রদর্শনী, চারুকলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পকর্ম প্রদর্শনী, মল চত্বরে ভূমিকম্প মহড়া, নাটমণ্ডলে হ্যামলেট নাটকের প্রদর্শনী ইত্যাদি।