ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
আজ ১ জুলাই ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি। এবারের মূল প্রতিপাদ্য ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। জাতীয় গৌরবের এ প্রতিষ্ঠানটি আজ ৯২ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে খোলা থাকবে বিভাগীয় কার্যালয়।দিবসটি উপলক্ষে টিএসসি, কলাভবন, কার্জন হলসহ আবাসিক ছাত্রাবাসগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের জন্য বিশেষ ভোজের ব্যবস্থাসহ হলগুলো সাবেক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজ সকাল নয়টায় প্রতিটি ছাত্রাবাস থেকে শোভাযাত্রা নিয়ে প্রশাসনিক ভবনসংলগ্ন মলে জমায়েত হবেন শিক্ষার্থীরা। সকাল ১০টায় উদ্বোধনী নৃত্যের পর থাকছে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও স্মৃতিচারণা অনুষ্ঠান। এতে ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ ছাড়া সকাল ১০টায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কারবিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। থাকবে ট্যুরিজমবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক, প্রীতি ফুটবল এবং ক্রিকেট ম্যাচ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পাণ্ডুলিপি প্রদর্শনী, সংগীত, নাটক ও নৃত্য।