ঢাকা বিশ্ববিদ্যালয়: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত কাল
২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে কি না, এ বিষয়ে বুধবার রায় দেবেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ তারিখ ধার্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, এমন ২৬ জন শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ মার্চ হাইকোর্ট রুল দেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ আটজন বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়।
পরে বিবাদীরা রুলের জবাব দিলে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার এর ওপর শুনানি হয়। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী এএফএম মেজবাহউদ্দিন।
শুনানি শেষে মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, রুলের ওপর শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেছেন আদালত।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরা এতদিন টানা দুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত। তবে গত বছর তা সীমিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে শুধু ওই বছর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা। অর্থাৎ, চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত ১২ মার্চ হাইকোর্টে রিট আবেদনটি করা হয়।