ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন যুগের সন্ধানে সম্পাদনা  ইমতিয়াজ আহমেদ ও ইফতেখার ইকবাল
ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন যুগের সন্ধানে সম্পাদনা ইমতিয়াজ আহমেদ ও ইফতেখার ইকবাল

মেলা উপলক্ষে প্রথমা প্রকাশনের বই ঢাকা বিশ্ববিদ্যালয়: নতুন যুগের সন্ধানে মোট ১৮টি প্রবন্ধের সমাহার। এটি সম্পাদনা করেছেন শিক্ষাবিদ ইমতিয়াজ আহমেদ ও ইফতেখার ইকবাল। গ্রন্থভুক্ত লেখাগুলো মোট পাঁচটি বিষয়ভিত্তিক শিরোনামে বিন্যস্ত করা হয়েছে। যেমন ‘স্মৃতি ও সৌন্দর্য’, ‘ছাত্ররাজনীতি ও তরুণসমাজ’, ‘পঠনপাঠন ও শিক্ষাক্রম’, ‘ক্যাম্পাস-জীবন’ এবং ‘শাসনকল্প ও মতাদর্শ’। প্রবন্ধগুলোর পাঠ শেষে পাঠক জানতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সামাজিক ও রাজনৈতিক পটভূমি সম্পর্কে। শুধু তা-ই নয়, এ বইয়ের লেখকেরা এ বিশ্ববিদ্যালয়ের এমন কোনো বিষয় নেই, যা তুলে ধরেননি। কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে চোখে পড়ার মতো ‘অনুন্নয়নের’ ঘটনাও ঘটেছে, সে কথাও উঠে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে যে অত্যুজ্জ্বল ভূমিকা পালন করেছে, আছে তার বিস্তৃত বিবরণ। পাশাপাশি দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররাজনীতি, শিক্ষক-রাজনীতি, শিক্ষাক্রম, সুশাসন, পয়োনিষ্কাশন, আবাসন, নিরাপত্তা ও সাংস্কৃতিক চর্চা বিষয়েও খোলাখুলি আলোচনা করা হয়েছে। তবে বিশেষভাবে তুলে ধরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবনমনের বিষয়টি। এর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সরকারীকরণকে। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে ‘স্বায়ত্তশাসন’ দেওয়া হলেও সরকারি হস্তক্ষেপ বন্ধ না হওয়ায় উপাচার্য নিয়োগে ভূমিকা গ্রহণ করে বসে দলীয় রাজনীতি। এর কুফল বা নেতিবাচক পরিণতি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে আসার পথের অনুসন্ধান করা ও এর সম্ভাব্য দিকনির্দেশনাও তুলে ধরা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে।