নিরাপত্তা পাস থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাধার মুখে একুশের প্রথম প্রহরের সংবাদ সংগ্রহ করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রতিবেদকেরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের কাছে চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।চিঠিতে বলা হয়, ওই রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা পাস নিয়ে অন্যান্য বছরের মতো বিশ্ববিদ্যালয় প্রতিবেদকেরা সংবাদ সংগ্রহ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বাধার মুখে পড়লে তাঁরা প্রক্টরের সহযোগিতা চান। এ সময় প্রক্টর জানান, তাঁদের প্রবেশের অনুমতি নেই। প্রক্টরের ভূমিকার সমালোচনা করে চিঠিতে অভিযোগ করা হয়, একই পাস নিয়ে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী শহীদ মিনারে প্রবেশ করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জানিয়েছে, শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করতে না পেরে বিশ্ববিদ্যালয় প্রতিবেদকেরা ভোগান্তিতে পড়েন। নিজ নিজ পত্রিকা অফিস থেকে তাঁদের সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল।এ প্রসঙ্গে প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।তবে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের কর্মীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে শ্রদ্ধা নিবেদন করতে গেলেও বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের সংবাদ সংগ্রহ করতে দেওয়া হয়নি।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তিনি প্রক্টর ও একুশে উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়কের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করবেন।