ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার 'বিজয় শপথ'

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সব অকল্যাণ ও অশুভের বিরুদ্ধে সোচ্চার থেকে দেশ গঠনের কাজে সর্বদা নিয়োজিত থাকার শপথ করেছেন প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আজ শুক্রবার বেলা তিনটায় প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে বিজয় শপথ অনুষ্ঠানে এই শপথ করেন তাঁরা।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত দর্শক-শ্রোতারা দেশ গড়ার শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি জান্নাতুল বাকের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সাদিয়া সুলতানা এবং শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক ইয়াতসিংহ শুভ। মুক্তিযুদ্ধের গৌরবময় সময়ের কথা তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সদস্য সোহেল রহমান।
অনুষ্ঠানে ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি পরিবেশন করেন খায়রুল বাসার এবং ‘ও আমার বাংলা মা তোর’ গান গেয়ে শোনান তানজীম মাশিয়াত। এরপর লালন সংগীত পরিবেশন করেন রুবাইয়া হাসনাত।
কবি হেলাল হাফিজের কবিতা ‘একটি পতাকা পেলে’ আবৃত্তি করেন হাসান সালেহ ও শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ আবৃত্তি করেন কামরুল হাসান। দেশাত্মবোধক গান ‘আমি বাংলার গান গাই’ ও ‘মধুর মধুর ধ্বনি বাজে’ রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্বর্ণা রানী দে ও সোমা কামাল।
অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক শান্তা তাওহিদা, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক ওমর ফারুক ও আশফাকুজ্জামানসহ মহানগরের বিভিন্ন বন্ধুসভার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।