ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে আবারও জয় আওয়ামীপন্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম
সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ পদে জিতেছে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল প্যানেল। আজ সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কয়েক বছর ধরেই শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল বিজয়ী হচ্ছে।
শিক্ষক সমিতির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। সাধারণ সম্পাদক পদে জিতেছেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সাদা প্যানেল থেকে একজন কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে আজ সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেন সমিতির সদস্যরা। ভোট চলে বেলা দুইটা পর্যন্ত।

গণনার পর বিকেলে বিশ্ববিদ্যালয় ক্লাবে ফল ঘোষণা করেন এ নির্বাচনের কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী। তিনি জানান, শিক্ষক সমিতির ২ হাজার ১০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫০২ জন এবার ভোট দিয়েছেন। ভোটদানের হার ৭৪ শতাংশ।
সভাপতি পদে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ৯৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাদা প্যানেলের সভাপতি প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম পান ৪৭৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম পান ৭২৫ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বী সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান পেয়েছেন ৬৭৯ ভোট।

বরাবরের মতোই এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের দুটি প্যানেলের মধ্যে। বামপন্থী শিক্ষকদের গোলাপি দল গত বছর আলাদা প্যানেলে নির্বাচনে অংশ নিলেও এবার তারা প্রার্থী দেয়নি।

আর যাঁরা জিতেছেন

নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক সহসভাপতি, ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী যুগ্ম সম্পাদক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মাদ সামাদ, লেদার অ্যান্ড টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে এ প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন।

সাদা প্যানেলের প্রার্থীদের মধ্যে শুধু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান সদস্য পদে জিতেছেন।