ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে সংখ্যাগরিষ্ঠ নীল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যকর পরিষদের নির্বাচনে আওয়ামী-বাম সমর্থক শিক্ষকদের নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয়টি পদেই জয়ী হয়েছে তারা।
নির্বাচনে নীল দলের প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দল ছয়টি পদে বিজয়ী হয়েছে। সমিতির গত নির্বাচনে নীল দল আটটি পদে এবং সাদা দল সাতটি পদে নির্বাচিত হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট এক হাজার ৭৭৯ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৮৮ জন ভোট প্রয়োগ করেন। বিকেল সাড়ে পাঁচটায় নির্বাচন পরিচালক অধ্যাপক এ কে ফজলুল হক শাহ ফলাফল ঘোষণা করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদউদ্দীন আহমেদ ৬২৯ ভোট পেয়ে সভাপতি পদে দ্বিতীয় মেয়াদে এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ৭১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।
নীল দলের বিজয়ী অন্য শিক্ষকেরা হলেন যুগ্ম সম্পাদক পদে ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান (৬২২ ভোট), কোষাধ্যক্ষ পদে ব্যবসায়ে শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম (৭০৬ ভোট), সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত (৬৭১ ভোট), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান (৭৫১ ভোট), অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী (৬৫৭ ভোট), রসায়ন বিভাগের অধ্যাপক আফতাব আলী শেখ (৭০৫ ভোট) এবং অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (৬২৩ ভোট)।
সাদা দলের বিজয়ী শিক্ষকেরা হলেন সহসভাপতি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মো. আখতার হোসেন খান (৬৮১ ভোট), সদস্য পদে কলা অনুষদের ডিন সদরুল আমিন ইংরেজি (৭২৭ ভোট), পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুত্ফর রহমান (৭৭৬ ভোট), প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম (৬৪৫ ভোট), ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের অধ্যাপক আবুল হাসনাত (৭০৫ ভোট), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম (৬৮৬ ভোট)।