ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচনে এবারও সরকার-সমর্থক নীল দল এবং বিএনপি ও জামায়াত-সমর্থক সাদা দল আলাদা প্যানেলে অংশ নিচ্ছে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিক উজ্জ-জামান। নীল দলের প্রার্থীরা হলেন সভাপতি পদে ফরিদ উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে হাসিবুর রশিদ, কোষাধ্যক্ষ পদে শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এ এস এম মাকসুদ কামাল ও যুগ্ম সম্পাদক পদে আফতাব আলী শেখ। সদস্য পদে লড়ছেন নয়জন।
সাদা দলের প্রার্থীরা হলেন সভাপতি পদে আখতার হোসেন খান, সহসভাপতি পদে এ বি এম ওবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে এ বি এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান ও যুগ্ম সম্পাদক পদে দিলীপ কুমার বড়ুয়া। এছাড়া, সদস্য পদে লড়ছেন নয়জন।