ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের বিপুল বিজয়
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদেই জয়ী হয় তারা। শিক্ষক সমিতির নির্বাচনে এক যুগ পর এমন নিরঙ্কুশ বিজয় এল। নির্বাচনে নীল দলের প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতের সমর্থক শিক্ষকদের সাদা দল চারটি সদস্য পদে বিজয়ী হয়েছে। গত নির্বাচনে নীল দল আটটি এবং সাদা দল সাতটি পদে নির্বাচিত হয়েছিল। নীল দলের আহ্বায়ক এবং প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন ৬৬২ ভোট পেয়ে সভাপতি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হোসাইন ৬৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাদা দলের প্রার্থী সদরুল আমিন ৫৬৮ এবং সাধারণ সম্পাদক পদে সাদা দলের প্রার্থী মামুন আহমেদ ৫৭৫ ভোট পেয়েছেন।নীল দলের বিজয়ী অন্য ব্যক্তিরা হলেন, সহসভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান (৭১১ ভোট), কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন (৭৫৮ ভোট), যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী (৬১৯ ভোট)। সদস্য পদে নির্বাচিতরা হলেন: অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত (৭৪০ ভোট), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন (৬৪১ ভোট), ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাসরীন আহমাদ (৬২০ ভোট), ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক (৬৩৬), ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম (৬৬৭ ভোট) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান (৬৬০ ভোট)। সাদা দলের চারটি সদস্য পদে বিজয়ীরা হলেন, রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (৬৫০ ভোট), অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ (৬২৮), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম (৬২৮ ভোট) এবং প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম (৬৩৩)। গতকাল বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট এক হাজার ৭০০ ভোটারের মধ্যে এক হাজার ২৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনার অধ্যাপক মকবুলুর রহমান ফল ঘোষণা করেন। সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন সাংবাদিকদের বলেন, দলীয়করণের মাধ্যমে অনেক শিক্ষক নিয়োগ দেওয়ায় তাদের এই পরাজয় হয়েছে।