শিক্ষকদের জন্য রাজউকের প্লট বরাদ্দ, উচ্চশিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা, আবাসন-সংকট নিরসনসহ ২৮টি দাবি উত্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বৈঠক করে তাঁরা এসব দাবি জানান। গতকাল বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে বৈঠকে সমিতি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য উপাচার্যকে তাগাদা দেন। দাবিগুলোর প্রায় সবই শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন কিংবা শিক্ষার্থীদের কোনো বিষয় সেখানে উল্লেখ ছিল না। ২৮ দফা দাবির প্রথমটি ছিল, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য রাজউকের প্লটের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এ ছাড়া গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া, যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) বাড়ানো, ভারত ও পাকিস্তানের বেতনকাঠামোর আলোকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য প্রয়োজনীয় ফি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে, টেলিফোন বিল দুই হাজার টাকা, গবেষণা ভাতা পাঁচ হাজার টাকা এবং বাৎসরিক বই-ভাতা দুই হাজার টাকার পরিবর্তে মাসিক পাঁচ হাজার টাকায় উন্নীত করা, সব অধ্যাপকের জন্য বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার, শিক্ষাছুটিকালীন শিক্ষকদের পূর্ণ বেতনের ব্যবস্থা, বিভিন্ন বিভাগে ব্যবহারিক পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য সম্মানী নির্ধারণ, ডিন, প্রাধ্যক্ষ ও চেয়ারম্যানদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সার্বক্ষণিক গাড়ির ব্যবস্থা, বেতন ছাড়া চাকরির (লিয়েন) মেয়াদ পাঁচ বছরে উন্নীতকরণ ও পরীক্ষাসংক্রান্ত সব সম্মানী দ্বিগুণ করা।