ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমাবেশে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ গতকাল ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে পুলিশের বাধা ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলার শিকার হয়। এ সময় ফলিত  পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক স ম মোস্তফা আল মামুনসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করা হয় । ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ গতকাল ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে পুলিশের বাধা ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলার শিকার হয়। এ সময় ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক স ম মোস্তফা আল মামুনসহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করা হয় । ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকদের পিটিয়েছেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
সাদা দলের শিক্ষকেরা জানান, এ ঘটনায় পাঁচজন শিক্ষক আহত এবং অর্ধশতাধিক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
১৮ দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির সমর্থনে ওই শিক্ষকেরা জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে নয়াপল্টন অভিমুখে রওনা দেন। জাতীয় ঈদগাহের সামনে পৌঁছালে পুলিশের বাধায় সেখানে তাঁরা সমাবেশ শুরু করেন। সেখানেই হামলার শিকার হন। আহত শিক্ষকেরা হলেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আবদুর রশীদ, সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক স ম মোস্তফা আল মামুন, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া, শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সাবরিনা শাহনাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষকেরা বেলা দেড়টার দিকে ফার্মেসি অনুষদের সামনে জড়ো হন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সেখানে গিয়ে তাঁদের মিছিল করতে মানা করেন। মিছিল বের করলে তিনি শিক্ষকদের নিরাপত্তা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এর কয়েক মিনিট পর অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও সিন্ডিকেট সদস্য তাজমেরী এস এ ইসলামের নেতৃত্বে শ খানেক শিক্ষক ‘সচেতন শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে মিছিল নিয়ে নয়াপল্টন অভিমুখে রওনা দেন। একপর্যায়ে প্রজন্ম লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। ‘জামায়াতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দেন তাঁরা। পুলিশ হামলাকারীদের বাধা দিলেও শিক্ষক সমাবেশটি পণ্ড হয়ে যায়।
সাবেক সহ-উপাচার্য ইউসুফ হায়দার বলেন, ‘পুলিশের অনুমতি নিয়েই আমরা সমাবেশ করছিলাম। সেখানে সন্তানতুল্য ছাত্ররা আমাদের গায়ে হাত দিল। এই দুঃখ আমরা কোথায় রাখব!’
স ম মোস্তফা আল মামুন বলেন, ‘এ ঘটনায় আমি বাকরুদ্ধ। আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পুলিশের সামনে আমাদের যেভাবে পেটাল, তা অবর্ণনীয়। আওয়ামী সরকারের এই দমন-নিপীড়নের শেষ কোথায়, তা আমরা জানি না।’
প্রজন্ম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় পুলিশের পাশাপাশি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আমরাও মাঠে ছিলাম। শিক্ষকদের ওই সমাবেশ থেকে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে আমরা তাঁদের প্রতিহত করি।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘ঘটনার প্রতিবাদে ১ জানুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করবে শিক্ষক সমিতি।’