
বইয়ের দাম নিয়ে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নীলক্ষেতের বই ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অনন্ত ১৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের সড়কে যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে যানবাহন চলাচল শুরু হয়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে অজস্র বই, বইয়ের পাতা। বিভিন্ন জায়গায় ধোঁয়া। জ্বলছে আগুন। কড়া নিরাপত্তায় পুলিশ। সড়কের মাঝে কাঁটাতারের বেড়া।
কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের কয়েকজন শিক্ষার্থী নীলক্ষেতের শাহজালাল মার্কেটে সোনিয়া মেডিকেল বুক হাউসে যান। সেখানে একটি পুরোনো বইয়ের পরিবর্তে নতুন বইয়ের দরদাম নিয়ে ওই দোকানের কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। কর্মচারীদের মারধরে এক শিক্ষার্থীর জামা ছিঁড়ে যায়। পরে তাঁকে মার্কেট সমিতির কার্যালয়ে আনা হয়। সমিতির নেতারা তাঁকে আরেকটি জামা পরিয়ে ছেড়ে দেন।
মারধরের খবর পেয়ে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ওই বইয়ের দোকানে গিয়ে কর্মচারীদের ওপর হামলা চালান। একজন কর্মচারীকে তাঁরা উঠিয়ে নেওয়ার চেষ্টা করলে আশপাশের দোকানিরা তাতে বাধা দেন। এতে অন্য দোকানিরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্যান্য হলের কয়েক শ শিক্ষার্থী লাঠিসোঁটা ও ইটের টুকরা নিয়ে বই ব্যবসায়ীদের ওপর হামলা চালান।
পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ওই এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আশপাশের আবাসিক এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই নীলক্ষেতে বিভিন্ন মার্কেটে থাকা বইয়ের দোকান বন্ধ করে দেন দোকানিরা। তবে বিপাকে পড়েন ফুটপাতের বইয়ের বিক্রেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ফুটপাতের বই ব্যবসায়ীরা বই ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যান। এ সময় বইয়ে আগুন দেওয়া হয়।
সন্ধ্যার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী। তিনি সাংবাদিকদের বলেন, বই কেনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের জেরে এ ঘটনা ঘটেছে। দরদাম না মিললে ব্যবসায়ী বই দেবেন না। কিন্তু এভাবে গায়ে হাত তোলা তাঁদের উচিত হয়নি। এ ব্যাপারে ব্যবসায়ী সমিতির সঙ্গে বসে একটা সমাধানে আসার চেষ্টা করা হবে।
তবে সোনিয়া মেডিকেল বুক হাউসের মালিক মো. সেলিম প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী তাঁর দোকান থেকে একটি বই কিনে নিয়ে গিয়েছিলেন। গতকাল ওই শিক্ষার্থীসহ কয়েকজন ওই বই ফেরত দিয়ে আরেকটি নতুন বই নিতে আসেন। কিন্তু নতুন বইয়ের জন্য অতিরিক্ত ৬০ টাকা দেওয়ার কথা বললে বাগিবতণ্ডা শুরু হয়। শিক্ষার্থীরাই আগে গায়ে হাত তুলেছেন বলে তিনি দাবি করেন।
তবে কয়েকজন শিক্ষার্থী জানান, বই কিনতে গিয়ে ওই শিক্ষার্থী ব্যবসায়ীদের হামলার শিকার হন। এ খবর শুনে তাঁরা নীলক্ষেতে ছুটে গেছেন।
ধানমন্ডি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।