ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু প্রতিষ্ঠান নয়, জাতির পথপ্রদর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়। এই বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির পথপ্রদর্শক। আমি বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই, এ আমার অহংকার ও গৌরবও বটে।’এভাবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও প্রবীণ ছাত্র রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিজের অনুভূতির কথা তুলে ধরেন। স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি আজ ফিরে গিয়েছি আমার সেই যৌবনের দিনগুলোতে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল শনিবার এভাবেই উচ্ছ্বসিত ছিলেন রাষ্ট্রপতির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার সাবেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে হীরকজয়ন্তী মহোৎসব অনুষ্ঠানটি পরিণত হয় বর্ণাঢ্য মিলনমেলায়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বেলুন আর পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এরপর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ছিল আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাবেক শিক্ষার্থীদের অবদানের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ গৌরবময় অবস্থানে রয়েছে। তাঁরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়েই থাকবেন। গতকালের অনুষ্ঠানে ভারতের অর্থনীতিবিদ অশোক মিত্রের হাতে তাঁর স্নাতক সম্মান শ্রেণীর সনদ তুলে দেওয়া হয়। অশোক মিত্র ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। এ সময় বাম রাজনীতি করার কারণে তৎকালীন সরকার তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করলে তিনি পালিয়ে ভারতে চলে যান। কিন্তু স্নাতক সম্মান শ্রেণীর সেই সনদটি তাঁর নেওয়া হয়নি। হাতে সনদ পেয়ে অশোক মিত্র বলেন, ‘এই সনদটি উজ্জ্বলতম হীরকখণ্ডের মতো মনে হলো। আমি আমৃত্যু এটি বুকে জড়িয়ে রাখব। আমি যা কিছু করেছি বা পেয়েছি তার পেছনে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যত ভুলই করি না কেন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো ভুল করব না।’অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে প্রবীণ অ্যালামনাই মেজবাউল বার চৌধুরী বলেন, ‘মনে হচ্ছে আবার ছাত্রজীবনে ফিরে এসেছি। বারবার মনে হচ্ছে, আগের বিশ্ববিদ্যালয় আর নেই। বদলে গেছে সম্পূর্ণ। বিশ্ববিদ্যালয় এখন আগের চেয়ে অনেক সম্মানজনক অবস্থানে রয়েছে ঠিকই কিন্তু আগের শিক্ষার সেই পরিবেশ নেই। কমে গেছে শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধ।’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রকীবউদ্দীন আহমেদ। আনুষ্ঠানিকতা শেষে সবাই আড্ডায় মেতে ওঠেন। হারিয়ে যান ফেলে আসা স্মৃতিময় মধুর দিনগুলোতে। অনুষ্ঠানে আসা বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান সাংবাদিকদের বলেন, ১৯৫৭ সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে মাত্র ২২ বছর বয়সে এই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলাম। ড. মুহাম্মদ ইউনূস, সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম ছিলেন তাঁর ছাত্র। তাঁরা সবাই বয়সে বড় হলেও তিনি তাঁদের শিক্ষক ছিলেন।মিলনমেলায় অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, আইনজীবী রফিক-উল হক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, দুদকের চেয়ারম্যান গোলাম রহমান, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, ওসমান ফারুক, হাফিজউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।