বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তিতে নম্বর কমানোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তির ন্যূনতম পাস নম্বর ৪০-ই থাকছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিনস কমিটির সভায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে যেসব শিক্ষার্থী ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ এবং ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বর পেয়েছেন, শুধু তাঁরাই ভর্তি হতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় সভাপতিত্বে করেন।
উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষারই পাস নম্বর ৪০। সেখানে একটি কোর্সের জন্য নম্বর কমানোর কোনো যৌক্তিকতা নেই।’ যাঁরা ভর্তি হয়ে গেছেন, তাঁদের কী হবে জানতে চাইলে, তিনি বলেন, ‘ভর্তি তো করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো ভর্তিই গ্রহণযোগ্য নয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ইকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৮টি ডেন্টাল কলেজে আসনসংখ্যা ১২৮০। গত ১৮ ফেব্রুয়ারি সরকারি নির্দেশনা জারির আগে ৮০ জনের মতো ভর্তি হয়েছিল। নম্বর কমানোর পর আরও ১০০ জনের মতো শিক্ষার্থী ভর্তি হয়।’
অধিকাংশ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে মানসম্মত শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, এমন সমালোচনার মুখে এ বছরই প্রথম লিখিত পরীক্ষায় ভর্তির নম্বর ৪০ নির্ধারণ করা হয়। কিন্তু স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় চুপিসারে ১৮ ফেব্রুয়ারি বিডিএস কোর্সে ভর্তির নম্বর ১০ কমিয়ে ৩০ নির্ধারণ করে। পরে যুগ্ম সচিব মতিউর রহমান স্বাক্ষরিত চিঠি সব বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।