ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০ বছরে পা দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ৯০ বছরে পা দিচ্ছে। ১৯২১ সালের পয়লা জুলাই প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এই দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক ও বিভাগীয় কার্যালয়গুলো খোলা থাকবে। ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। সকাল সোয়া নয়টায় হল থেকে শোভাযাত্রা করে শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের সামনে জমায়েত, সাড়ে নয়টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, কেককাটা এবং টিএসসি অভিমুখে শোভাযাত্রা করা হবে। এরপর টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠান। এ ছাড়া সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পাণ্ডুলিপির প্রদর্শনী, ১০টা থেকে টিএসসি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে। দুপুর দেড়টায় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কারবিষয়ক প্রদর্শনী, আড়াইটায় টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতর্ক অনুষ্ঠান, সাড়ে চারটায় প্রীতি ফুটবল, পাঁচটায় ক্রিকেট ও সাড়ে পাঁচটায় ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সংগীত বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে এক মাস গ্রীষ্মের বন্ধের পর আজ বিশ্ববিদ্যালয় খুলছে। প্রথম দিনে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও শনিবার থেকে সব ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।