ঢাকা বিশ্ববিদ্যালয়: 'অযোগ্যদের' মধ্যেই শিক্ষক নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বিজ্ঞপ্তির নিয়ম মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নিয়োগ হচ্ছে না। প্রার্থীদের সাক্ষাত্কার শেষে একটি পদের বিপরীতে আজ বৃহস্পতিবার যে দুজনের নিয়োগের সুপারিশ সিন্ডিকেটের কাছে বাছাই কমিটি পাঠিয়েছে, তাঁরা বিজ্ঞপ্তির শর্ত পূরণ করেননি।

নিয়োগের সুপারিশ পাওয়া দুজন হলেন দিদারুল ইসলাম ও মোহসীন রেজা। দিদারুলের উচ্চমাধ্যমিক ও মোহসীনের মাধ্যমিক পরীক্ষার ফল বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা জিপিএ-৪.২৫-এর চেয়ে কম। তবে দুজনেরই স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণি রয়েছে।

বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করে পাঁচ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ অভিযোগ করেছিলেন, বিভাগের এক শিক্ষকের স্ত্রীর যোগ্যতা না থাকায় তাঁকে নিয়োগ দেওয়ার কৌশল হিসেবে আরও চারজনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে।

এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোতে ‘আবেদনের অযোগ্য পাঁচ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সুযোগ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রভাষকের স্ত্রীকে না নেওয়া হলেও বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতার ঘাটতি আছে, এমন দুজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে সহকারী অধ্যাপকের ছুটিজনিত শূন্যপদের বিপরীতে একজন অস্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে আবেদনকারীর যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ বা প্রথম শ্রেণি থাকতে হবে বলে উল্লেখ করা হয়। বাছাই কমিটির একাধিক সূত্র জানিয়েছে, এ যোগ্যতার বাইরেও আবেদন করা পাঁচজনকে মৌখিক পরীক্ষায় ডেকে দুজনের ব্যাপারে সুপারিশ করা হয়েছে।

এ সম্পর্কে জানতে বাছাই কমিটির প্রধান সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদের সঙ্গে আজ যোগাযোগ করা যায়নি। কিন্তু আগের দিন বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করার যোগ্যতা না থাকলেও কীভাবে নিয়োগের যোগ্যতা রাখেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘একটা মানদণ্ড নির্ধারণ করে না দেওয়া হলে অনেক প্রার্থী আবেদন করেন। কোনো বিভাগে যদি একটি পদের বিপরীতে ১০০ জন আবেদন করেন তবে দিনের পর দিন সাক্ষাত্কার নিয়েও তাঁদের নিয়োগ দেওয়া সম্ভব নয়।’