ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি: 'ঐচ্ছিক' অংশ বাধ্যতামূলক নয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হতে এ বছর ‘ঐচ্ছিক ইংরেজি’ (ইলেকটিভ ইংলিশ) অংশের উত্তর দিতে হবে না। গতবারের ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা থেকে চলতি বছরের পরীক্ষার জন্য এ নিয়ম বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থীরা কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্রে পাঁচটি অংশ থাকে। এগুলো হলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ), সাধারণ জ্ঞান (বিশ্ব) ও ঐচ্ছিক ইংরেজি। যাঁরা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েন না, শুধু তাঁদের ঐচ্ছিক ইংরেজি অংশের উত্তর দিতে হয়।
কিন্তু গত বছর ইংরেজি বিভাগ শর্ত আরোপ করে যে, এই বিভাগে ভর্তি হতে চাইলে ইংরেজির পাশাপাশি ঐচ্ছিক ইংরেজি অংশেরও উত্তর দিতে হবে। সাধারণ ইংরেজিতে ২০ ও ঐচ্ছিক ইংরেজিতে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে। কিন্তু পরীক্ষা শেষে দেখা ‘খ’ ইউনিটের ১২৫ আসনের জন্য মাত্র দুজন এই শর্ত পূরণ করতে পেরেছেন। পরে শর্ত শিথিল করে পাস নম্বর ১৮ ও ৮ করা হয়। এ ছাড়া ‘ঘ’ ইউনিট থেকেও ভর্তির সুযোগ দেওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, এ বছরও প্রশ্নপত্রে ঐচ্ছিক ইংরেজি থাকবে। তবে মাতৃভাষা হিসেবে যাঁরা বাংলা পড়েননি, শুধু তাঁরাই এ অংশের উত্তর দেবেন।