ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পরীক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদে (‘ক’ ইউনিট) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন একজন পরীক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ জালিয়াতির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীর নাম শিকদার মোহাম্মদ জায়েদ বিন আমির। তাঁর বাড়ি কুড়িগ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, জায়েদ লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। তাঁর হাতের ঘড়িতে স্থাপিত একটি বিশেষ যন্ত্রাংশ (ডিভাইস) স্থাপন করে মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করছিলেন তিনি। বিষয়টি ওই কক্ষের পরীক্ষকের নজরে এলে তিনি জায়েদকে আটক করে কর্তৃপক্ষকে জানান। উদ্ধার করা ঘড়িটি অনেকটা মোবাইলের মতো। স্পর্শের (টাচস্ক্রিন) মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হয়। স্পর্শের সঙ্গে সঙ্গে পর্দায় বিভিন্ন কার্যক্রম ভেসে ওঠে।শাহবাগ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ঘটনাটি মোহাম্মদপুর থানা এলাকায় ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানেই মামলা করার কথা। জায়েদকে ওই থানায় হস্তান্তর করা হবে। গত বছর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতির সময় একটি চক্রকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।