ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়ে না জাতীয় পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়েই এখন বছরের দু-একটি বিশেষ দিন ছাড়া জাতীয় পতাকা ওড়ানো হয় না।১৯৭১ সালের ২ মার্চ স্বাধীন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পশ্চিম ফটকে উত্তোলন করেছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা। কিন্তু সেই ঐতিহাসিক জায়গাটিতেও বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ পতাকা উত্তোলনের কোনো ব্যবস্থা রাখেনি। বাংলা ২৬ বৈশাখ ১৩৭৯ সালে ওই স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) একটি ফলক স্থাপন করেছিল। সেই ফলকটিও এখন দূর থেকে চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জানেন না যে এই জায়গায় উত্তোলন করা হয়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা।২ মার্চ প্রথম পতাকা উড়ানোর সঙ্গে জড়িত ছিলেন সে সময়ের ছাত্রনেতা আ স ম আবদুর রব। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, বাঙালি রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে এই পতাকা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পতাকা ওড়ে না, এর চেয়ে দুঃখের খবর আর কী হতে পারে।এ প্রসঙ্গে জানতে চাইলে সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়ানোর জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সেটি না ওড়ানো হয় তা অবশ্যই দুঃখজনক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ ১৩টি অনুষদ, আটটি ইনস্টিটিউট ও ১৭টি আবাসিক হলের প্রত্যেকটিতে পতাকা ওড়ানোর স্ট্যান্ড রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও বিশ্ববিদ্যালয় দিবসের মতো বিশেষ কিছু দিন ছাড়া এসব স্ট্যান্ডে পতাকা ওড়ানো হয় না।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, বিশেষ দিন ছাড়া পতাকা ওড়ানো যাবে না—এমন কোনো নিয়ম নেই। কিন্তু তারপরও ওড়ানো হচ্ছে না এটাই মূল কথা। বিষয়টি খোঁজ নিয়ে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র আজিজুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে জেনেছি এই বিশ্ববিদ্যালয় থেকে উড়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। কিন্তু এখন সেই বিশ্ববিদ্যালয়ের কোথাও লাল-সবুজের পতাকা উড়তে দেখি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল প্রতিদিন এ পতাকা উত্তোলনের ব্যাবস্থা করা। এ ব্যাপারে কখনো কোনো ছাত্র সংগঠনকেও আন্দোলন করতে দেখিনি।শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কোথাও এমন কোনো বিধান নেই যে বিশেষ দিন ছাড়া পতাকা ওড়ানো যাবে না। কেবলমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমনটি হচ্ছে। প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কলাভবনের সেই ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা উচিত বলে তিনি মনে করেন।