ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে সংঘর্ষ ৩ শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে। এতে তিন শিক্ষক লাঞ্ছিত, তিন ছাত্র ও এক কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা ছিল। ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ এতে অংশ নেয়। বিকেল চারটা থেকে শুরু হওয়া এ খেলায় পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ ৩-০ গোলে হেরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শেষ হওয়ার পর পালি ও বুড্ডিস্ট স্টাডিজের অধিনায়ক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। তিনি খেলোয়াড়দের নিয়ে রেফারির ওপর চড়াও হন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও ইফতেখারুল ইসলাম এ সময় রেফারিকে বাঁচাতে এগিয়ে যান। শিক্ষার্থীরা এ সময় দূরে সরে গেলেও কিছুক্ষণের মধ্যে এ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই বিভাগের তিন ছাত্র আহত ও তিন শিক্ষক লাঞ্ছিত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঞ্ছিত শিক্ষকেরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, এ কে এম ইফতেখারুল ইসলাম এবং পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের বিমান চন্দ্র বড়ুয়া। লাঞ্ছিত শিক্ষক ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনা নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণ পর সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের কর্মীরা আসছে বলে বিভাগের শিক্ষার্থীরা আমাকে জানায়। এর কিছুক্ষণ পরই ৪০-৫০ জন ছেলে রড, লাঠি, চাপাতি নিয়ে মাঠে হানা দেয়। শিক্ষার্থীরা দৌড়ে পার্শ্ববর্তী জিমনেসিয়ামের ভেতর আশ্রয় নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্তে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করবে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এটা ন্যক্কারজনক ঘটনা। তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।